গাইবান্ধার সাঘাটায় স্কুলের কমিটি গঠন নিয়ে বিবাদের জেরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা এবং শিবিরকর্মী সালাউদ্দিন গুরুতর আহত হওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।
ঘটনাস্থল বোনারপাড়ার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিবিরকর্মী সালাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার দিবাগত রাত ১টার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আরো তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তার শরীরে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত সংকট কাটেনি সালাউদ্দিনের। তার শরীরের পেছনে পিঠের ডান অংশে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখমের কারণে পরিস্থিতি এখনো সংকটাপন্ন। ফুসফুসে আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
মোহাম্মদ সালাউদ্দিনের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা মাওলানা দুদু মিয়া।
এদিকে সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার রাতে সাঘাটায় উপজেলা ছাত্রশিবিরের ডাকে বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন বলেন, দিন-দুপুরে যুবদলের নেতা মুকুলসহ তার বাহিনীর হাতে এভাবে প্রকাশ্যে শিবির নেতা সাইফুল্লাহকে হত্যা ও সালাউদ্দিনকে আহত করার ঘটনায় মানুষ হতবাক হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

