বরখাস্ত বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন

বরখাস্ত বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা মিলনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৫) ধারা অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা যায়, চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবরদখল, সীমান্তবর্তী বাংলাবান্ধা স্থলবন্দরে শ্রমিক নিয়োগে অনিয়ম ও বাণিজ্য, ট্রাকপ্রতি লোড-আনলোড কার্যক্রমে সিন্ডিকেট গঠন করে চাঁদা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল। এছাড়াও তিনি ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে ইউনিয়ন পরিষদে নিয়মিত দায়িত্ব পালন না করে অনুপস্থিত থাকেন।

অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করে। তারা এসব অভিযোগের প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মিলনকে সাময়িক বরখাস্ত করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

তার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় এবং সরেজমিন পুনঃতদন্তে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ চূড়ান্তভাবে তাকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

২৬ মে ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারার অধীন সংঘটিত অপরাধের কারণে তাকে ৩৪(৫) ধারায় অপসারণ করা হয় বলে সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. নূর আলম। এতে আরও বলা হয়, এই আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংস্থাগুলোর অবগতির জন্য জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে কুদরত ই খুদা মিলনকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন