পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় পিছু হাঁটেন বিএসএফ।

সোমবার (২০ জুলাই) বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।

বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবি আওতাধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে কড়া বাধা প্রদান করলে পিছু হাঁটেন বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক বাধা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন সীমান্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকরা অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপন করার চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করে এতে তারা পিছু হটে ও সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সীমানাসংক্রান্ত যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন