নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের হাতে এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে মাহিগঞ্জ এলাকায় একটি অটোরিকশায় যাত্রীবেশে তিন ছিনতাইকারী অবস্থান করছিল। তারা এক নারী যাত্রীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তার হাত থেকে একজোড়া স্বর্ণের বালা ও একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী নারীকে মহিন্দ্রা এলাকায় নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ভুক্তভোগী মাহিগঞ্জ থানায় অভিযোগ করলে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) অভিযান শুরু করে। পরে মাহিগঞ্জ থানার সাতমাথা এলাকা থেকে মো. শাহীন আলম (৩৮) নামের একজন ছিনতাইকারীকে আটক করা হয়।

শাহীন আলমের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরবর্তীতে কোতোয়ালী থানার ধাপ এলাকা থেকে মো. আপেল মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম জানান, এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...