আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশে সংবাদ প্রকাশ

পীরগাছায় প্রিসাইডিংসহ ৩ ভোটগ্রহণ কর্মকর্তা বদল, বাকিদের নিয়ে ক্ষোভ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পীরগাছায় প্রিসাইডিংসহ ৩ ভোটগ্রহণ কর্মকর্তা বদল, বাকিদের নিয়ে ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পীরগাছায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে আ. লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়োগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রিসাইডিংসহ তিনজন কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। তবে বাকি বিতর্কিতদের বহাল রেখে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ কমেনি।

বুধবার আমার দেশের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া অন্নদানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে অনিয়মের অভিযোগ তোলা হয়। প্রতিবেদন প্রকাশের পর প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন এবং তিনজন পোলিং কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক আমার দেশকে নিশ্চিত করেছেন। তবে অভিযোগ রয়েছে, অন্যান্য বিতর্কিত নিয়োগ বহাল রাখা হয়েছে। বিশেষ করে নন-এমপিওভুক্ত শিক্ষক, বিভিন্ন প্রকল্পের কর্মচারী এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যোগ্য ও আগ্রহী প্রথম শ্রেণির কর্মকর্তা থাকা সত্ত্বেও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও প্রকল্প কর্মচারীদের প্রিসাইডিং দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পীরগাছা উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৩৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১,০৬৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, যারা দায়িত্ব পালনে আগ্রহী ছিলেন, তাদের অনেককে বাদ দেওয়া হয়েছে। আবার যাদের দায়িত্ব নিতে অনীহা ছিল, তাদের নাম অন্তর্ভুক্ত করে পরে বাদ বা সংযোজনের মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। কিছু শিক্ষক অভিযোগ করেছেন, দায়িত্ব পরিবর্তনের নামে দালালচক্রের মাধ্যমে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, 'সংবাদ প্রকাশের পর বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, তাদের পরিবর্তন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন