শাশুড়িকে সম্মান না করায় বাবার চড়, ক্ষুব্ধ ছেলের ছুরিকাঘাতে মৃত্যু

শাশুড়িকে সম্মান না করায় বাবার চড়, ক্ষুব্ধ ছেলের ছুরিকাঘাতে মৃত্যু
অভিযুক্ত ছেলে হাসানুর রহমান, (ডানে) নিহতের বাড়িতে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভিড়।

রংপুরের পীরগাছায় শাশুড়িকে সম্মান করে কথা বলতে বলায় বাবাকে পেটে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হাসানুর রহমানের (২২) বিরুদ্ধে। নিহত মহুবার রহমানের বয়স ৫৫ বছর।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুর রহমানের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে তার শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়িকে বসতে বা খেতে বলেননি। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে জটিলতা তৈরি হলে মহুবার রহমান ছেলেকে শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে এবং খাবার দিতে বলেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বাবার কথা না শোনায় একপর্যায়ে মহুবার রহমান ছেলেকে একটি থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর পাশে থাকা একটি ছুরি নিয়ে বাবার পেটে আঘাত করেন।

গুরুতর আহত মহুবার রহমানের প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সেলিম মালিক আরও জানান, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাসানুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, পারিবারিক বিরোধের কারণেই ছেলে তার বাবাকে হত্যা করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর আগেও হাসানুর তার বাবাকে মারধর করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। তিনি আরও বলেন, হাসানুর মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন