দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক মন দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান শেখ নামে এক ব্যক্তি, যিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকায় নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসলের মধ্য দিয়ে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন। আরমান শেখ কলেজ বাজার এলাকার আহম্মদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে আরমান শেখের বিরুদ্ধে। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে তার নামে।

দুধ দিয়ে গোসল শেষে উপস্থিত লোকজনের সামনে আরমান শেখ বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, "আমি আমার অতীতের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে সৎ পথে চলতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন আর কখনো মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ি।"

ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর অনেকেই তার এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে তাদের অনেকে মনে করেন, কেবল প্রকাশ্যে ঘোষণা দিলেই হবে না; ভবিষ্যতের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ হবে তিনি সত্যিই মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন কি না।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার এই ব্যতিক্রমী ঘোষণার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক বলেন, পুলিশের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং আইনের কঠোর প্রয়োগের কারণে আরমান শেখ এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তিনি বলেন, "আমরা চাই, মাদক ব্যবসার সঙ্গে জড়িত সবাই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আইন প্রয়োগের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে সচেতনতা কার্যক্রমও অব্যাহত থাকবে।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন