মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন সৈকত ও তন্ময়। সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং তন্ময় কাচারীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। এতে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে এলাকায় প্রায় সময়ই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক মো. আজাদ রহমান বলেন, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...