“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ মনে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুরে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ইসলামী ছাত্রশিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। জুন মাসব্যাপী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। বর্তমান বিশ্বে পরিবেশগত যে সংকট ও বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে পরিবেশ হবে আরও সুন্দর ও বাসযোগ্য।”
কর্মী, সাথী ও সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ছাত্রশিবিরের প্রতিটি কর্মী, সাথী ও সদস্যকে অন্তত একটি করে ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে। নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তার পাশে উপযুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বড় করে তোলা এবং নিয়মিত পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার এই দায়িত্ব শুধু ছাত্রশিবিরের নয়, বরং দেশের প্রতিটি সচেতন নাগরিকের।”
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

