স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছেন, সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ এই পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।
বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়াকে ‘না’ বলবে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
শনিবার বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে। অনেক প্রাণ ঝরে গেছে; কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি।
তিনি আরও বলেন, আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি, যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না, বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়নের মতো কর্মসূচিগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়তে চাই।
লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছেন, সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন,যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ এই পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকতার মানুষ নতুন জীবন ফিরে পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বপ্না জামান, শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনীতা দাস, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রোকন উদ্দিন বাবুল এমপি, হাসান রাজীব প্রধান এমপি, লালমনিহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

