বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলে এলাহী ফুলু জুলাই ৩৬ ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে ছাত্রদের মিছিলে হামলাসহ ছাত্র-জনতাকে মারপিট করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পীরজাদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলে এলাহী ফুলেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৫ আগস্ট পরবর্তী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ফজলে এলাহী ফুলু নগরীর পীরজাবাদ যুগীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

