দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেশিয়ার স্বাভাবিক প্রতিক্রিয়াকে জটিলতা ভেবে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডা, গালিগালাজ ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করার পর পুলিশ দুইজনকে আটক করেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর বৃষ্টি (২৫) নামের এক নারী রোগী হাসপাতালে ভর্তি হন। সোমবার তার অপারেশনের জন্য অ্যানেস্থেশিয়া দেওয়ার পর তিনি হাত-পা নাড়াচাড়া করতে শুরু করেন, যা অ্যানেস্থেশিয়ার স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার অংশ। কিন্তু রোগীর স্বজনরা বিষয়টিকে জটিলতা মনে করে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও চিকিৎসকদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর বিকেল চারটার দিকে হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা ওই বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জুম মিটিংয়ের মাধ্যমে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী যুক্ত হন। বৈঠকে স্বরাষ্ট্রন্ত্রী দুষ্কৃতকারীদের দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর হস্তে দমনের নির্দেশ দেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় অভিযুক্ত রোগীর স্বজন মাহফুজুর রহমান মন্টি (২৮) ও তার শ্যালক আকাশকে (২৪) আটক করে পুলিশ।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী জানান, চিকিৎসকদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবী জানান, চিকিৎসকদের গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে। ওই মামলায় দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

