রংপুরের পীরগাছায় সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্য করা হয়েছে এবং যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ নিয়োগ পুনর্বিবেচনা করে সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত হকদারদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।
রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এমপি রায়হান সিরাজী। সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে ‘বানরের পিঠা ভাগের মতো’ বণ্টন করা হয়েছে।
এমপি রায়হান সিরাজী বলেন, “পীরগাছার বিষয়টা অলরেডি টক অব দ্য কান্ট্রি। একদম খুল্লামখুল্লা। আপনাদের সাংবাদিকদের কাছে সে বিষয়টি আরও স্পষ্ট, আপনারা সবাই জানেন। আমি কী উত্তর দেব? সাংবাদিক-জনগণ এখন সজাগ। ৫ আগস্টের পরে এ জনতা জেগেছে, আগেই জেগেছে। এই জনতাকে কেউ রুখতে পারবে না।”
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “একটাই বক্তব্য বলব, এখানে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। মোটা দাগের বক্তব্য, এটি বানরের পিঠা ভাগ হয়েছে।”
এ ধরনের নিয়োগের মাধ্যমে দেশে আবারও বৈষম্য তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রায়হান সিরাজী বলেন, বৈষম্য যখন চরম মাত্রায় পৌঁছায়, তখন জনগণ জেগে ওঠে। ইতিহাসে এর প্রমাণ রয়েছে। তাঁরা নতুন করে এমন পরিস্থিতি তৈরি হোক, তা চান না।
সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, যাঁদের সঙ্গে সরকারি নীতিমালার শর্ত মেলে এবং যাঁরা প্রকৃতপক্ষে ডিলার হওয়ার যোগ্য, তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা দায়িত্ব পেলে ভবিষ্যতে সারসংকট মোকাবিলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সহজ হবে বলে তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, যাঁদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অনেকেরই সার ব্যবসার অভিজ্ঞতা নেই। এমনকি তাঁদের কেউ কেউ চালের ব্যবসাও করেননি বলে মন্তব্য করেন তিনি।
এমপি রায়হান সিরাজী বলেন, “আমরা আশা করছি, সরকার এটা পুনর্বিবেচনা করে জনগণের এই ক্ষোভকে মূলধন মনে করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে জনগণ বিক্ষুব্ধ। জনগণ এই বৈষম্য চায় না। জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

