স্কুল থেকে ফিরেই গোয়ালঘরে, গরুর গুঁতায় শিক্ষিকার মৃত্যু

স্কুল থেকে ফিরেই গোয়ালঘরে, গরুর গুঁতায় শিক্ষিকার মৃত্যু

স্কুল থেকে বাড়ি ফিরে গরুর গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে গরুর গুঁতায় আরেফা বেগম (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আরেফা বেগম ওই গ্রামের এজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, আরেফা বেগমের স্বামী একটি কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে তিনি গরুর গোয়ালঘরে যান। সেখানে গরুর ঘর পরিষ্কার ও গরুকে খাবার দেওয়ার সময় একটি গরু তাকে গুঁতা দিয়ে ফেলে দেয় বলে পরিবারের সদস্যরা জানান।

তার চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ধরনের খবর এখনো পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন