১০ দিন বন্ধ থাকবে বুড়িমারি স্থলবন্দর

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

১০ দিন বন্ধ থাকবে বুড়িমারি স্থলবন্দর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে। আগামী ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এ বন্ধের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বুড়িমারী শুল্ক স্টেশন, বন্দরের ট্রাফিক বিভাগ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ভারতীয় চ্যাংড়াবান্ধার সংশ্লিষ্ট দপ্তর, আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সকল ব্যবসায়ীর সম্মতিতে স্থলবন্দরে ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ১৫ জুন (রোববার) থেকে সিএন্ডএফ কার্যক্রম যথারীতি চালু হবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, আমরা ছুটির বিষয়ে একটি লিখিত চিঠি পেয়েছি। তবে বন্দরের অভ্যন্তরে যাত্রী চলাচল যথারীতি চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন