রৌমারীতে নদী ভাঙন ও দুর্যোগ মোকাবিলায় আশ্বাস প্রতিমন্ত্রীর

রৌমারীতে নদী ভাঙন ও দুর্যোগ মোকাবিলায় আশ্বাস প্রতিমন্ত্রীর

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার চায় না ঘর-বাড়ি নদীতে বিলীন হোক। এজন্য বন্যার পূর্বে আমরা জরুরিভাবে কাজ শুরু করেছি। যেহেতু আমি এই অঞ্চলের মানুষ, সেক্ষেত্রে আমার টান আছে।’

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা, সুখেরবাতি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন কালে স্থানীয়দের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করেছে এবং লুটপাট চালিয়েছে সেই ফ্যাসিস্ট শক্তিগুলো এখন নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালে আমরা আরেকটি ঐতিহাসিক যুদ্ধ প্রত্যক্ষ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সনদ দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের পথচলায় জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এলাকার নদী ভাঙন ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে আশ্বাস দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট নদী ভাঙনের স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ভাঙন রোধে ইতোমধ্যে ৯৩টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে ২৬টি বাঁধের কাজ শেষ পর্যায়ে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের নির্দেশ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসব, তারপর জিরো পর্যায়ে নিয়ে আসব। বস্তা ফেলবে ১০০টা আর গুনবে ২০০টা, সেই সুযোগ আর নেই। বস্তার ওজন কমানোর সুযোগ নেই। এগুলো আপনারা বুঝে বুঝে নেবেন। এগুলোর প্রত্যেকটা জিনিস আপনাদের টাকার, ইঞ্জিনিয়ার আর ঠিকাদারের ওপর ছেড়ে দেবেন না।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন