কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুনের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখনো রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড- এই ধোঁয়াশা কাটেনি গত এক সপ্তাহেও। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
এদিকে আয়শার মৃত্যুকে হত্যাকাণ্ড মনে করে দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া গ্রামের আলমগীর হোসেনের দুই বছর বয়সী শিশুকন্যা আয়শা খাতুন গত ১৭ এপ্রিল সকালে নিখোঁজ হয়। বাড়ির আশপাশের জায়গা থেকে শুরু করে সব প্রতিবেশীর বাড়িতে সারাদিন খোঁজ করেও পাওয়া যায়নি শিশুটিকে। পরে রাতে বাড়ির পাশের একটি জায়গা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনই কেউ হয়তো লাশটি ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করেন তার পরিবারের লোকজন।
শিশু আয়শার মৃত্যুকে অস্বাভাবিক এবং হত্যাকাণ্ড উল্লেখ করে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ ও কর্মসূচি প্রত্যাহার করেন নেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, `পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং প্রকৃত আসামিদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।`
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

