গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে হাইকোর্ট। কমিটি অনুমোদনে গত ৩০ জুন দেওয়া আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
একই সঙ্গে এডহক কমিটির সভাপতি পদে রিটকারী আমিরুল ইসলামের প্রার্থিতা আইন অনুযায়ী পুনর্বিবেচনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। এ-সংক্রান্ত রিটের নম্বর ৯৩৪২/২০২৬। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রারের স্বাক্ষরিত আদেশের অনুলিপি থেকে হাইকোর্টের এ রুল জারির বিষয়টি জানা যায়।
আদালতের আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৩০ জুন এক আদেশের মাধ্যমে উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করে। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।
রিটে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক, গাইবান্ধার জেলা প্রশাসক, ফুলছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এডহক কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত উজ্জ্বল কুমার দাসকে বিবাদী করা হয়েছে।
আদালতের আদেশে আরও বলা হয়, রিটকারী আমিরুল ইসলামের এডহক কমিটির সভাপতি পদে প্রার্থিতা আইন অনুযায়ী পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে।
রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।
রিটকারী আমিরুল ইসলাম বলেন, হাইকোর্টের রুল জারির বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এডহক কমিটি অনুমোদনের বিষয়টি আইনগতভাবে পুনর্বিবেচনা হবে বলে আমি আশা করছি। আমি আইন ও বিধি অনুযায়ী এডহক কমিটির সভাপতি পদে প্রার্থিতা করেছিলাম।
আদালত বিষয়টি আমলে নিয়ে রুল জারি করায় আমি সন্তুষ্ট। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা ও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

