আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি, বহিষ্কার যুবদলের ২ নেতা

আমার দেশ অনলাইন

ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি, বহিষ্কার যুবদলের ২ নেতা

রংপুর নগরীতে কেবল অপারেটকে মারধর করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদল কেন্দ্রীয় সংসদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব কে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত দুই যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেবল অপারেটর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ান নামে কেবল অপারেটর ডিশের লাইন কেটে দেওয়ায় ওই এলাকায় সব টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে। ওই ক্যাবল লাইনটি যুবদল নেতা গালিবকে দেয়ার জন্য ক্যাবল ওয়ান কর্তৃপক্ষকে বেশ কয়েকদিন ধরে নানাভাবে হুমকি দেয়া হয়। এতে রাজি না হওয়ায় রোববার দুপুর ২টার দিকে যুবদল নেতা মনু ও গালিবের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ক্যাবল ওয়ান কার্যালয়ে এসে তাণ্ডব চালায়।

গালিবের নামে ফিডার না দেওয়ায় ক্যাবল ওয়ানের জিএম কাফির বাসায় গিয়ে তাকে পরিবারসহ গুলি করে হত্যার হুমকি দেয় যুবদল নেতা মনু। এ সময় এক কর্মকর্তাকে মারধর ও ল্যাপটপসহ মালামাল ভাঙচুর করা হয়। এ ঘটনার পর আত্মরক্ষায় ক্যাবল ওয়ান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে বেড়াচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে ক্যাবল ওয়ান কর্তৃপক্ষ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে ।

ঘটনার পর থেকে রংপুর মহানগরীসহ পুরো জেলায় ডিশের মাধ্যমে টেলিভিশন প্রদর্শন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সব বেসরকারি টেলিভিশন সম্প্রচার বন্ধ রয়েছে। তবে দুই নেতাকে বহিষ্কার করা হলে ভোর থেকে আবারও ডিশ লাইন সম্প্রচার শুরু হয়।

বিভিন্ন সামাজিক মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়লে রংপুরসহ সারাদেশে সামালোচনা সৃষ্টি হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানান, ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন