গাইবান্ধার সাঘাটায় যুবদল নেতা সোহেল রানার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে উপজেলার ভরতখালী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখনো প্রকাশ্যে অপরাধ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যুবদল নেতার ওপর প্রকাশ্যে হামলার ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। অপরাধ দমনে প্রশাসনকে অবশ্যই কঠোর হতে হবে।
অধ্যক্ষ আমিনুল ইসলাম যুবদল নেতা সোহেল রানার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত দলের ক্যাডার বাহিনী। তাদের কখনোই ছাড় দেওয়া যাবে না।
উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, আতিকুর রহমান আতিক, আনিসুর রহমান, শফিকুল ইসলাম বাবু, ইখতিয়ার আহমেদ সুজন ও মামরুল ইসলাম মামরুলসহ স্থানীয় নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যায় সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহেল রানার ওপর হামলা চালান স্থানীয় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট, তার ভাই সুজাউদ্দৌলাসহ তাদের লোকজনকে দায়ী করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সাঘাটা থানার ওসি মো. দুরুল হুদা বলেন, “গতকাল এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

