রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

জুলাই শহীদদের চেতনা হবে গণতন্ত্রকে সুসংহত করা

জুলাই শহীদদের চেতনা হবে গণতন্ত্রকে সুসংহত করা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃহস্পতিবার সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: আমার দেশ

জুলাই শহীদদের শাহাদতবরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রেরণা। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব। গতকাল বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা এসব কথা বলেন।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরসহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জুলাই শহীদ পরিবার ও সংগঠনের সদস্যরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।

গতকাল দুপুর ১২টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির এসএম খালিদুজ্জামান। এ সময় তিনি বলেন, দেশ আবার ফ্যাসিবাদী ধারার দিকে এগোচ্ছে বলে আমাদের আশঙ্কা। সে কারণে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের যে আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের কথা ছিল, সেটি বাস্তবায়ন হচ্ছে না। নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে পুরোনো ফ্যাসিবাদী ধারা ধারণ করছে। এরপর রংপুর-৬ আসনের সংসদ সদস্য রুহুল আমিনসহ স্থানীয় জামায়াতের নেতারা সকালে আবু সাঈদের কবরের পাশে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও শোক র‌্যালি করেন।

বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদের শাহাদতের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়। শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমের ঘটনা সারা দেশকে নাড়া দেয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবু সাঈদকে হত্যা করলেও জুলাই আন্দোলনকে দমাতে পারেনি।

এদিকে আবু সাঈদের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর হোসেন মোহাম্মদ সাদ্দাম বলেন, এখন পর্যন্ত গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরও বিচারের ক্ষেত্রে যে ধরনের বিলম্ব দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সন্দেহ সৃষ্টি করছে। আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, তাতে যদি সাড়া না দেয় তাহলে আমাদের রাজপথে আন্দোলনে নামতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন