নারীদের আরও বেশি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করতে কাজ করতে হবে

নারীদের আরও বেশি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করতে কাজ করতে হবে

সমাজের আরও বেশি সংখ্যক মহিলাকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।

বিজ্ঞাপন

শুক্রবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার মহিলা বিভাগের আয়োজনে ‘মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে নারীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তিকে তাকওয়াবান হতে হবে। একই সঙ্গে সমাজের আরও বেশি সংখ্যক মহিলাকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি আদর্শ জাতি গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নারীদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। সমাজ গঠন, রাষ্ট্র পরিচালনা, ইসলামী সংস্কৃতি ও ইসলামী অর্থনীতি বিষয়ে ব্যাপক অধ্যয়ন ও গবেষণায় নারীদের মনোনিবেশ করতে হবে।

দিনাজপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্তাকিমা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজি এবং সহকারী পরিচালিকা আফরোজা বেগম।

এ সময় অঞ্চলের টিম সদস্যবৃন্দ এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নারীদের মধ্যে দ্বীনি সচেতনতা বৃদ্ধি এবং সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে দিনাজপুর জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দায়িত্বশীলারা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন