আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পীরগাছায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পীরগাছায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩ টার দিকে উপজেলার রাজবল্লভ গ্রামে নিজের ভোগদখলীয় জমি প্রতিপক্ষ মমিন গ্রুপ দখলে নেওয়ার দৃশ্য দেখতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ আলী উপজেলার হরিচরণ গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, ৭২ শতক জমি নিয়ে গত ছয় বছর ধরে আহাম্মদ আলীর পরিবারের সঙ্গে রাজবল্লভ গ্রামের গুল বকসের ছেলে মমিন, ইব্রাহিম, ইসাহাক, ইসমাইল, মজিবর, মনোয়ারা ও মিনারাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

আহাম্মদ আলীর নাতনি নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আমার নানার ভোগদখলীয় জমি পূর্বের জের ধরে শনিবার মমিন গ্রুপ ভারাটিয়া সন্ত্রাসীদের দিয়ে দখল করে নেন। এই ঘটনা শুনে আমার নানা বেদখল হওয়া ওই জমি দেখতে গেলে তাঁকেসহ তিনজনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন, মমিন, ইব্রাহিম, ইচাহাক, ইসমাইল, মজিবর, মনোয়ারা ও মিনারাগন।

পরে আহত আহাম্মদ আলীকে ভ্যানযোগে যাওয়ার পথে ধনীর বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে আটক করে হাসপাতালে যেতে বাঁধা সৃষ্টি করে।পরে বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়েছে। পীরগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে এম্বুলেন্স যোগে যাওয়ার পথে, নগরীর সাতমাথা এলাকায় আবারো বাঁধা সৃষ্টি করায় যথাসময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হয় বলে স্থানীয়রা জানান। এলাকাবাসী গণমাধ্যমকে বলেন, ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বিরোধপূর্ণ জমি দখল করে মমিন গ্রুপ। বেদখল হওয়া জমি দেখতে যাওয়ার অপরাধে আহাম্মদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই আমির উদ্দিন (৫৫) যার বাম হাত ভেঙে দেওয়া হয়েছে এবং নিহতের ছেলে আমজাদ হোসেন, যার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। নিহতের নাতনি নিলুফা ইয়াসমিন অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী এনে তাদের জমি দখল করে নেয়। ওই সূত্র ধরে আমার নানাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পীরগাছা থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম বলেন, এখনো এজাহার পাইনি, তবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত আছে। থানা টিম মাঠে আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...