দিনাজপুরে সারজিস আলম

আগের নোংরা রাজনৈতিক সংস্কৃতি আর চাই না

জেলা প্রতিনিধি, দিনাজপুর

আগের নোংরা রাজনৈতিক সংস্কৃতি আর চাই না

অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আগের নোংরা রাজনৈতিক সংস্কৃতি আর চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এনসিপি করি বলে বিএনপি-জামায়াত কিংবা অন্য কোনো দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে, এ সংস্কৃতি আমরা চাই না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা হবে। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে।

সারজিস আলম বলেন, ভালো মানুষ যে দলেরই হোক, তাকে সমর্থন দিতে হবে। ভালো মানুষকে সমর্থন দিলে সারা দেশে ভালো মানুষের নেতৃত্ব তৈরি হবে। ইতঃপূর্বে আমরা দেখেছি, পাঁচ বছরের এমপি প্রার্থী কোনোভাবে টাকা দিয়ে মনোনয়ন কিনত, তারা মার্কা ও প্রশাসনকে ব্যবহার করে ভোটে জয়লাভ করত। তারপর আর তাদের কোনো খবর থাকত না। এই রাজনীতির নামে অপসংস্কৃতি বন্ধ হওয়া এখন সময়ের দাবি। আমরা আমাদের জায়গা থেকে সামনে নির্বাচন থাকুক আর না থাকুক, আমরা যেহেতু আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি, তাই সব জেলা-উপজেলায় যেতে হবে।

তিনি বলেন, আমরা যতক্ষণ বাংলাদেশের সব জেলা-উপজেলা ও ইউনিয়নের দোরগোড়ায় পৌঁছতে না পারব, ততক্ষণ আমাদের সফর অব্যাহত থাকবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আসিনি, আমরা এসেছি দিনাজপুরের মানুষের সঙ্গে কথা বলতে ও সমস্যা শুনতে। বাংলাদেশের সব জেলায় একদিন করে সফর থাকলেও আয়তনের দিক বিবেচনায় দিনাজপুর জেলায় দু-দিন সফরের সময় দেওয়া হয়েছে। আয়তনের দিক বিবেচনায় দিনাজপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে বিরামপুরকে জেলা ঘোষণার দাবি যৌক্তিক। এ দাবি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর ব্যবস্থা করব আমরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...