গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরের (৪০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত নজরুল ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন।
নিহতের স্ত্রী অভিযোগ করেছেন, দীর্ঘদিন যাবত একটি হ্যাকার চক্রের সদস্যরা তার স্বামীর দোকান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা ক্যাশ আউট করতো। তারাই একদিন দোকানে চুরি করে । তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেলে তারা বিভিন্নভাবে দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে যাচ্ছিল। তারা সবাই বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাদের সকলের সাথে আমাদের ওয়ার্ডের মিম্বরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা গত রাতে বাড়ির পাশেই নজরুল ইসলামকে হত্যা করে। তবে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এখনও জানা যায়নি এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

