ওয়াইফাই সংযোগ ভাড়া ও ফ্ল্যাক্সিলোড দিয়ে দোকান ঘরে রাতে চলছে অনলাইন জুয়া খেলার আসর। সেই আসরে হানা দিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দোকান মালিক ও অনলাইন জুয়াড়ি দুইজনকে পৃথক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির বাংলা বাজার নামক স্থানে।
ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক আতিকুল ইসলামকে (২৪) দুই মাস ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে, মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী জানান, ওয়াইফাই সংযোগ ভাড়া ও মোবাইলে টাকা লোড দিয়ে একটি ফ্ল্যাক্সিলোডের দোকান ঘরে নিয়মিত উঠতি বয়সের যুবকদের নিয়ে রাতে অনলাইন জুয়া খেলার আসর বসে বলে অভিযোগ পায় ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় পুলিশসহ সেই দোকানে বসা অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় দোকান মালিক আতিকুল ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে দোকান মালিককে ২ মাস ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে আমার দেশকে বলেন, ওই দোকানে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসতো। খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃত একজনকে ২ মাস ও অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

