যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

রংপুর নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে মহানগর যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিবকে (২০) বাসা থেকে ডেকে এনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি শীর্ষ মাদক কারবারি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‍্যাব-১৩ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব ১৩-এর সদর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ওপর ভিত্তি করে সোমবার বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামে জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়। মমিনের বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। বাড়ি রংপুর নগরীর রবাটসনগঞ্জের তাঁতীপাড়ায়।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মহানগর যুবদলের নেতা ও রাকিবের সঙ্গে মাদক ব্যবসায়ী মমিন ও তার স্ত্রী বিউটি বেগমের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে মাদক ব্যবসায়ী মমিন তার স্ত্রীর সহযোগিতায় অন্য সহযোগীদের নিয়ে যুবদল নেতা রাকিবকে বাসা থেকে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে নগরীর কামাল কাছনা মাসুয়াপাড়া বাজারে কুপিয়ে হত্যা করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এ ঘটনায় নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, ঘটনার পরপরই খুনিরা পালিয়ে যায়। তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। তবে র‌্যাবের জালে অবশেষে তারা ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মমিন ও বিউটি বেগম হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...