প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। ওই ছাত্রী এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই বখাটেকে গ্রেফতার করেছে।
আহত ছাত্রী আতোয়া আখতারের (১৫) বাবার নাম আখতারুল হক। মাগুড়া কলেজপাড়া গ্রামে মামা আশেক আলীর বাড়িতে থেকে পড়াশোনা করছে সে।
কিশোরগঞ্জ থানার এস আই ফিরোজ কবির জানান, মেয়েটি মামার বাড়িতে থেকে মাগুড়ার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে মাগুড়া কলেজপাড়ার মাহাবুল ইসলামের বখাটে পুত্র শাহজালাল হোসেন ওরফে রুবেল (২২) তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শনিবার গভীর রাতে আতোয়া আখতারের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে রুবেল পালিয়ে যায়। পরে স্বজনরা আতোয়ার রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যায়।
শনিবার দুপুরে আতোয়া আখতারের মামা আশেক আলী থানায় অভিযোগ দিলে রুবেলকে তার বাড়ি থেকে রাত সাড়ে বারোটায় পুলিশ গ্রেফতার করে।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে বখাটে যুবক কুপিয়ে জখম করেছে। থানায় লিখিত অভিযোগ দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

