সাঘাটায় সিজারিয়ান অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটায় সিজারিয়ান অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ডিজিটাল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ডাক্তারের ভুলে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন হাসপাতালে হামলা করলে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে ডাক্তারসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে সাঘাটার পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার বাগবাড়ী গ্রামের কছের সরদারের মেয়ে ও সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৬) সন্তান প্রসবের ব্যথা নিয়ে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ডিজিটাল হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অপারেশনে ডেলিভারি করার ব্যবস্থা নিলে রোগীর স্বজনরা রাজি হন। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ সিজারিয়ান অপারেশনের জন্য রোগীকে অপারেশন থিয়েটারে নেন।

রোগীর লোকজনের অভিযোগ, ওইদিন গত হয়ে রাত ১১টার দিকে অপারেশনের পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে হাসপাতালটিতে হামলা করলে চিকিৎসক ও কর্তৃপক্ষ পালিয়ে যায়। এসময় রক্তক্ষরণে রাত ১২টার দিতে প্রসূতির মৃত্যু হয়।

শিরিনের স্বামী সবুজ মিয়ার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। যা মনে নেওয়া যায় না।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন সাংবাদিকদের জানান, এই ঘটনাটি তদন্ত করে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, এ বিষয়ে ভুক্তভোগীর কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়ার গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন জানান, বিষয়টি শুনেছি তবে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন