আনসার ও ভিডিপি সদস্যরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, দেশের যেকোনো ক্লান্তিকালে এবং আত্মসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যরা সবসময় জনগণের সাথে একত্র হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে।
বুধবার বিকেলে রংপুর ও দিনাজপুর প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ আট জেলার জেলা কমান্ডেন্ট এবং আনসার-ভিডিপির উপজেলা কর্মকর্তাবৃন্দ।
মহাপরিচালক আরও বলেন, ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক সামাজিক আন্দোলন এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আনসার-ভিডিপি কাঠামোতে সম্পৃক্ত করা হলে তা জাতীয় নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের তরুণ প্রজন্মকে হতাশা, মাদকাসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি "সুখী আনসার-ভিডিপি প্যাকেজ" এর মাধ্যমে মৌলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন।
সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ শুধু আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না বরং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে। তিনি আনসার-ভিডিপির "সঞ্জীবনী প্রজেক্ট" এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রতিভাবান সদস্যদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানান এবং জাতীয় সংকটকালে বাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রস্তুত থাকতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও কৃতিত্বপূর্ণ অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি রংপুরে মাহিগঞ্জে চলমান ২৮ দিনব্যাপী ‘আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স-২০২৫’ চলমান ‘ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং’ প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

