স্মারকলিপি প্রদান

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও
ছবি: আমার দেশ

নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন অটোশ্রমিকরা। দাবি আদায় না হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পার্কিং চার্জ বাড়ানো হয়নি বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী।

সোমবার দুপুরে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন উপশাখা থেকে শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মিশুক চালক বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা চত্বরে জড়ো হন। পরে তারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বিজ্ঞাপন

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সৈয়দপুর পৌরসভা পার্কিং চার্জ বাৎসরিক ১ হাজার থেকে বাড়িয়ে বার্ষিক ২ হাজার টাকা করেছে। এটি তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। অথচ নীলফামারী সদরসহ জেলার অধিকাংশ পৌরসভায় একই ধরনের যানবাহনের জন্য বাৎসরিক ১ হাজার টাকা পার্কিং চার্জ নেওয়া হয়। তাহলে সৈয়দপুরে দ্বিগুণ টাকা নেওয়ার যৌক্তিকতা কোথায়? এমন প্রশ্ন তোলেন তারা।

সমাবেশে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা কোনো অবৈধ দাবি নিয়ে আসিনি। আমরা শুধু বৈষম্য দূর করতে চাই। নীলফামারীর অন্য পৌরসভায় যদি এক হাজার টাকা নেওয়া হয়, তাহলে সৈয়দপুরে দুই হাজার টাকা কেন? আমরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি। আজও আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা সংঘাত চাই না, সমাধান চাই। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করা হলে শ্রমিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌর এলাকায় অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনায় বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।আগামী ৭২ ঘণ্টার মধ্যে পার্কিং চার্জ ১ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় সমাবেশে শাখার সভাপতি, সাধারণরা বক্তব্য দেন।

সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বলেন, পৌরসভার পার্কিং চার্জ নতুন করে বাড়ানো হয়নি। ২০১৯ সালে যে হার নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে সেটিই কার্যকর রয়েছে। তবে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং পৌরসভার আগামী মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য উপস্থাপন করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন