কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ যুবাইয়ের ওপর বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাধারণ মানুষও সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামজিদ তুরাগ, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকার কর্মী রুকাইয়া আক্তার রুপা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক যুবাইরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। সেইসাথে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

