ফার্মেসির আড়ালে নেশার ট্যাবলেট বিক্রি করতেন ইব্রাহিম

ফার্মেসির আড়ালে নেশার ট্যাবলেট বিক্রি করতেন ইব্রাহিম

পঞ্চগড়ে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গোয়েন্দা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিমকে ভাইবোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ ট্যাবলেটসহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। ইব্রাহিম দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। এরই পরিপ্রেক্ষিতে আমরা মোলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে”।

পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন