বিএনপির দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজের চাচাতো ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সমাবেশে রোকন উদ্দিন বাবুল বলেন, যারা ধানের শীষে ভোট দেবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে, তাদের বরদাশত করা হবে না।
দীর্ঘ ছয় মাস দলীয় কোনো কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।
জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করতে হবে, অন্যথায় সাধারণ নেতাকর্মীরাই তাদের প্রতিহত করবে।
জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে গিয়ে বলেছিল, সে আমাকে হারানোর জন্য রাজনীতি করে। সে কখনো জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাধে। আসলে তার উদ্দেশ্য কী, তা স্পষ্ট হওয়া দরকার। একই সঙ্গে তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাটানো ও চেয়ারম্যান প পদে প্রার্থিতা ঘোষণার প্রসঙ্গে বাবুল মন্তব্য করেন যে, এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়। আদিতমারী-কালীগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রীদের প্রতিহত করার আহ্বান জানান। সমাবেশে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম বলেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, যা কখনো সফল হতে দেওয়া হবে না। প্রকৃত নেতাকর্মীরা আজ অবহেলিত। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, আমরা সেভাবেই রাজপথে থেকে এই ষড়যন্ত্রকারীকে সরিয়ে দেব।
রোকন উদ্দিন বাবুল প্রসঙ্গে জাহাঙ্গীর আলম আরো বলেন, উনি হচ্ছেন জাতীয় পার্টির প্রোডাক্ট, আর আমি বিএনপির নিবেদিতপ্রাণ। এই দল করতে গিয়ে অনেক ত্যাগ ও জুলুমের শিকার হয়েছি। তাই ওনার এসব বক্তব্য হাস্যকর।
দুই ভাইয়ের এই পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন চরম উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

