নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ও রোপণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে ছিল সৈয়দপুর পৌর শাখা।
অনুষ্ঠানে কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয় এবং সেগুলো রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার অফিস সম্পাদক মাহবুব রব্বানী রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ মেজবা, সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীরসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

