মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ
ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জোবেদা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জোবেদা বেগমের অভিযোগ, তার মালিকানাধীন পাঁচ শতক জমি নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে দান করার সিদ্ধান্তের কথা পরিবারের সদস্যদের জানান তিনি। বিষয়টি জানার পর তার দুই ছেলে ও দুই নাতি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন—জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন (৫৫), মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০), জলিলের ছেলে সুজন মিয়া এবং জয়নালের ছেলে আলামিন মিয়া।

লিখিত অভিযোগে জোবেদা বেগম বলেন, মসজিদের নামে জমি দানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তাকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘শিউলি, চামেলি, রেখা ও ছমেলা—এই চার বোনই মারপিট করেছে। পরে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন