জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘তারা (বিএনপি) খাল খনন শুরু করেছে শুনলাম, খাল খননের তালিকায় নাকি জ্বিন ভূতের নাম দেওয়া হচ্ছে। সেখানে নাকি ফেরেশতা থেকে শুরু করে দেবতাদের নামও দেওয়া হচ্ছে। সেখানে শ্রমিকের নামে টাকা লুটপাট শুরু হয়েছে।
খাল খননের নামে বালু খাওয়া শুরু হয়েছে, মাটি খাওয়া শুরু হয়েছে, পাথর খাওয়া শুরু হয়েছে। কয়দিন পর দেখবেন খালই খেয়ে ফেলবে। এসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে কিন্তু মাথায় উঠে যাবে।’
বৃহস্পতিবার রাত ১১টায় রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা উত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সারজিস বলেন, ‘আরেকটা কার্ডের খেলা শুরু করেছে। এত দিন ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমিক কার্ড। এবার তারেক রহমান বলেছেন, ইউনিভার্সাল কার্ড। মানে এক কার্ডে সবকিছু থাকবে। ওই এক কার্ডে দয়া করে জনাব তারেক রহমান একটা জিনিস নিশ্চিত করবেন, যেন ওই কার্ডের মধ্যে চাঁদাবাজির কোনো কার্ড না থাকে, ওই কার্ডের মধ্যে যেন মানুষর ওপর জুলুম করার কোনো কার্ড না থাকে, ওই কার্ডের মধ্যে যেন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করার কোনো কার্ড না থাকে। ’
সারজিস বলেন, ‘ওই কার্ড যেন শুধু ধানের শীষের ভোটারদের জন্য না হয়। যদি সেটা হয়, জনাব তারেক রহমান আপনাকে, বিএনপিকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। আপনার প্রত্যেকটি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, জনগণের ট্যাক্সের টাকার সুযোগ-সুবিধা। যদি শুধু ধানের শীষের ভোটারদের জন্য হয়। তাহলে আগামীর বাংলাদেশে ধানের শীষের রাজনীতি আর কোনো দিন প্রাসঙ্গিক থাকবে না।’
সমাবেশে সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মণের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে পদযাত্রা করে সমাবেশে যোগ দেন তারা। সেখানে কৃষ্ণ রঞ্জন বর্মন নামের একজনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীও ঘোষণা করেন তারা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

