দীর্ঘ ১১ মাস ধরে ভারতের কারাগারে রয়েছেন কুড়িগ্রাম জেলার সাত জেলে। যার ফলে ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে পরিবারের লোকেরা।
জানা যায়, জীবিকার তাগিদে কুড়িগ্রামের এই সাত জেলে প্রতি বছর ভিসা করে ভারত গিয়ে মাছ ধরতেন। একবার গিয়ে তিন মাস পর দেশে আসতেন। বাংলাদেশে তিন মাস থাকার পর আবার চলে যেতেন। এভাবেই কাটছিলো তাদের দিন। প্রত্যেক বারের মতো গতো বছরের ৩ নভেম্বর তারা ভারতের মেঘালয় রাজ্যে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তাই তারা দালালদের মাধ্যমে ভারতে যান। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাদের আটক করে মেঘালয়ের আমপাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন, চিলমারী উপজেলার ব্যাপারী পাড়ার মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৪৫), আমীর আলী (৩৫), বিপ্লব মিয়া (৩২), হরিণের বন্দ গ্রামের রাসেল মিয়া (৩৫), রৌমারী উপজেলার যাদুরচর বকবান্দা গ্রামের চাঁন মিয়া (৬০), ও চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের আঙ্গুর মিয়া (২০)। দীর্ঘ ১১ মাস ধরে ভারতীয় কারাগারে তারা বন্দী অবস্থায় আছেন।
সরেজমিনে চিলমারীর ব্যাপারী পাড়া ও হরিণ বন্দ গ্রামে গিয়ে কথা হয় রাসেল মিয়া ও বকুল মিয়ার স্বজনদের সাথে। জানা যায়, পরিবারের উপার্জনক্ষম লোকগুলো দীর্ঘ ১১ মাস থেকে কারাগারে থাকায় ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে খুবই দুর্বিষহ জীবন যাপন করছে তারা। কান্না জড়িত কণ্ঠে সরকারের কাছে তারা দাবি জানান, যেভাবেই হোক পরিবারের লোকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।
রাসেল মিয়ার খালা রেজিয়া বেগম জানান, রাসেল মিয়ার দুই ছেলে-মেয়ে। বড় মেয়ের বয়স ১১ বছর, ছোট ছেলের ৭ বছর। রাসেল মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী। দীর্ঘদিন থেকে সে ভারতের কারাগারে আটকা থাকায় তার বউ ভাতের অভাবে বাচ্চাদের নিয়ে ঢাকার রায়ের বাজারে মানুষের বাসায় কাজ করে খাচ্ছে।
বকুল মিয়ারও দুই সন্তান। বড় ছেলে স্কুলে পড়ালেখা করছে। ছোট ছেলের বয়স চার বছর। বাবা ভারতের কারাগারে বন্দী থাকায় ছেলের পড়ালেখা বন্ধের উপক্রম। বকুলের স্ত্রী আজেদা বেগম সেলাইয়ের কাজ করে কোনোমতে দিনাতিপাত করছেন।
আজেদা বেগম বলেন, ভারতের এক আইনজীবী ফোন করেছিলো। বকুলকে ছাড়াতে দুই লাখ টাকা চেয়েছে। আটক থাকা সাতজনের জন্য মোট ১৪ লাখ টাকা লাগবে। আমি সেলাইয়ের কাজ করি, খেয়ে না খেয়ে কোনোমতে সংসার চালাই। এতো টাকা আমি কিভাবে থেকে দেবো?
তিনি আরো বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। টাকার অভাবে তাদের পড়ালেখা করাতে পারছি না। সরকারের কাছে কিচ্ছু চাইনা, শুধু একটাই অনুরোধ আমার ঘরের মানুষকে ঘরে এনে দিক।
বকুলের ভাবি ফুলেমা বেগম বলেন, আল্লায় চালায়, মাইন্সে সাহায্য দেয় তাই খায়া জীবন চলে। রিলিফ সাহায্য খেয়ে আর কয়দিন চলবো। এক মাসের খাদ্য দেয়, সেখাদ্য দিয়ে তো আর হয় না। লোকগুলা আনার ব্যবস্থা করে দিক সরকার।
ব্রহ্মপুত্র নদে মাছ ধরে জীবিকানির্বাহ করা জেলে আমির আলী বলেন, এখন আর আগের মতো মাছ নাই নদীতে। এজন্য তারা প্রতিবছর ভারতে মাছ ধরতে যেতেন। এখন ভারতে গিয়ে তো পড়ছে বিপদে। দীর্ঘ ১১ মাস থেকে বন্দি হয়ে আছেন। সবার পরিবারেই রয়েছে ছোট ছোট বাচ্চা। এসব অসহায় পরিবারগুলোর কথা চিন্তা করে সরকারের উচিত দ্রুত তাদের ছাড়িয়ে নিয়ে আসা।
রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকুনুজ্জামান স্বপন বলেন, তারা সবসময় ভিসা নিয়ে ভারতে গিয়ে মাছ ধরে। তারা তো চুরি করে না, জীবিকার তাগিদে মাছ ধরতে যায়। এখন দুই দেশের সম্পর্ক ভালো না থাকার কারনে আটকা পড়েছে। আগের মতো সম্পর্ক থাকলে সমস্যা হতো না। লোকগুলা আজ ১১ মাস থেকে ঘরছাড়া, আমাদের চাওয়া সরকার তাদের আনার ব্যবস্থা করে দিক।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, আমাদের জেলে পরিবারের আকুতির বিষয়টি উপজেলা প্রশাসন থেকে একটি প্রতিবেদন আকারে গত এপ্রিলে জেলায় পাঠিয়েছিলাম। ভারতে আটক জেলে পরিবারগুলোকে আমরা যখন যেভাবে পারি সাহায্য করছি এবং যেকোনো সুযোগ-সুবিধা আসলে আমরা তাদের বিষয়টি মাথায় রাখি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

