গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রামে ধান ক্ষেতে বিষাক্ত স্প্রে করে দেড় বিঘা জমির ধান গাছ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেন জমির মালির ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান।
জানা যায়, ধানের গাছগুলো এখন শুকিয়ে হলুদ বর্ণ হওয়ায় স্থানীয়দের নজরে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি ।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের আনিছুর রহমান জমির ধান বুধবার সকাল থেকে হলুদ বর্ণ ধারণ করতে দেখা যায়। পরে স্থানীয়রা জমিতে গিয়ে দেখতে পান রাতের আধারে জমিতে বিষাক্ত স্প্রে করার ফলে জমির ধানক্ষেত পুড়ে গেছে। পরে স্থানীয়রা কৃষি অফিসে খবর দিলে সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি জমি পরিদর্শন করেন।
জমির মালিক জানান, আমার জমি নিয়ে দীর্ঘদিন থেকে এই গ্রামের আমিরুল ইসলামের সাথে বিরোধ চলছে। এই জমির ধান ক্ষেত লাগানোর পরের দিন ধান উপড়ে ফেলা হয়েছিল। সে আমাকে হত্যার হুমকিসহ জমির ধান নষ্ট করার হুমকি দিয়ে আসায় আমি গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই ।
সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি জানান, গতকালও জমির ধান ভালো দেখেছি। ঘটনাটি শোনার পরে আজ জমি দুটি পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ অফিসকে অবগত করা হবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, এই ঘটনাটির অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

