মেঘনা ব্যাংক রংপুর শাখা থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ৩ ঠিকাদার ও ৪ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও রংপুর সমন্মিত জেলা দুর্নীতিত দমন কার্যালয়ের উপ পরিচালক শাওন মিয়া।
মামলায় আসামিরা হলেন- রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদাসের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ম্যানেজার মাহফুজুল ইসলাম, সহকারী ম্যানেজার একেএম শফিকুল মমতাজ সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং এভিপি মঞ্জুর হোসেন পাটোয়ারী।
মামলার বিবরণে জানা গেছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে অপরাধমূলক অসাদাচারণের মাধ্যমে প্রতারণামূলক ভাবে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মামলা দায়ের করার ব্যাপারে মামলার বাদী রংপুর সমন্মিত দুদক কার্যালয়ের উপ পরিচালক শাওন মিয়া জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে মেঘনা ব্যাংকের ৪ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ মামলা দায়ের করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

