নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
গতকাল সোমবার ভোরের দিকে গ্রামে ঢুকে বন্দুকধারীরা অতর্কিত গুলি চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ডোগন রানা নামের এক গ্রামপ্রধানের সচিব জানান, বন্দুকধারীরা হঠাৎ করেই এলাকায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে থাকে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত আটটি শিশু রয়েছে। এ ছাড়া আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
ইশায়া দাওয়া নামের স্থানীয় এক যুবনেতা জানান, হামলাকারীরা মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালায়। তারা বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কোনো কোনো বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এই স্থানীয় বাসিন্দা আরো জানান, হামলার কয়েক ঘণ্টা পর সকালের দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, এই হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম এবং আইএসডব্লিউএপির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকলেও এখন পর্যন্ত কাডুনা রাজ্যের এই হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।
সম্প্রতি সশস্ত্র গ্যাং ও অপরাধী চক্রগুলোর এমন সহিংসতা নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মারাত্মক নিরাপত্তা সংকট তৈরি করেছে। সেখানে প্রায়ই বিভিন্ন জনপদে সাধারণ মানুষের ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

