জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে তিনি এই পদে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় (শিক্ষা ও প্রশাসন), শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘নতুন করে সোহেল রানা সম্পর্কে কিছু বলার নেই। তিনি খুবই দক্ষ মানুষ। বিশ্ববিদ্যালয়ের তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। একই সঙ্গে বলতে চাই, এতদিন কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন অধ্যাপক আবদুর রব। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক সোহেল রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। কোষাধ্যক্ষের এই পদকে আমি কোনো পদবি হিসেবে না দেখে দায়িত্ব মনে করছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা কেউ অযথা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসবেন না। আমি আপনাদের মতোই একজন। আমাকে দূরে ঠেলে দেবেন না।’
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

