পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
বুধবার (১২ মার্চ) রাতে মেডিকেল টেস্টের জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। পরে কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে মেয়েকে দেখতে পান।
ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত রিকশাচালক সৌরভ মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে বলেও জানা গেছে।
প্রতিবেশীরা বলেন, ‘আমরা জানতে পেরেছি শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।’
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

