সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় রংপুরজুড়ে তোলপাড়

সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় রংপুরজুড়ে তোলপাড়

খবর প্রকাশের জেরে বাংলা ট্রিবিউন, একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের রংপুরের প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের সিওর রুমে সামনে মারধর এবং হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রংপুরজুড়ে। ঘটনার সাথে জড়িতরা জুলাই যোদ্ধার নামে সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্সের জন্য আবেদনকারী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারসহ প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে সাংবাদিকরা।

লিয়াকত আলী বাদলকে মারধর ও হেনস্তার ঘটনা রংপুর মেট্রোপরিটন কোতোয়ালি থানায় ১২ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জন অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতার’ শিরোনামে খবর পরিবেশন হয়। এ খবর প্রকাশের জেরে রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর কাচারীবাজার কোর্ট মসজিদ এলাকা থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে রকি নামের এক যুবকের নেতৃত্বে ৭/৮ জন যুবক জুলাই যোদ্ধা পরিচয়ে অটোরিকশা যোগে সিটি করপোরেশনের প্রধান ফটকে নিয়ে যায়। সেখানে থেকে তাকে টেনে-হিঁচড়ে নতুন ভবনের দোতালায় প্রধান নির্বাহীর রুমে সামনে নিয়ে মারধর ও হেনস্থা করে। পরে ওই নিউজের জন্য তাকে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বলেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন প্রধান নির্বাহী তার কক্ষে উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে নতুন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সাংবাদিকরা। এ সময় ঘটনার বর্ণনা দেন ভূক্তেভোগী সাংবাদিক রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্যসচিব লিয়াকত আলী বাদল।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্সর ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোটার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ফেরদৌস জয় প্রমুখ।

বক্তারা তারা ২৪ ঘণ্টার মধ্যে মারধোরকারীদের গ্রেফতার এবং সিও উম্মে ফাতেমাকে অপসারণের দাবি জানান তারা। একই দাবিতে সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি দিয়েছে সাংবাদিককরা।

এদিকে অবস্থান কর্মসূচি শেষ করে সাংবাদিকরা চলে আসার সময় সিটির করপোরেশনের একজন কর্মকর্তাসহ সিও ঘটনাস্থলে আসলে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সাম্প্রতিক সময়ে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত কর্মচারী আবারও সাংবাদিকদের হেনস্তা করার চেষ্টা করেন। তাদের সিটি করপোরেশনের ভেতরে আটকে রাখেন। প্রধান ফটক বন্ধ করে দেন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাংবাদিকররা ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গোটা শহরে তোলপাড় সৃষ্টি হলে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠকে বসে রংপুরে বিদ্যমান সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাড়াও প্রায় দেড় শতাধিক সাংবাদিক। এসময় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, কার নির্দেশে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নিয়ে যায় জুলাই যোদ্ধাদের নামে। তাদেরকে গ্রেফতার এবং যাদের নির্দেশে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। একই সাথে আবেদনকারীর সবার নাম পরিচয়সহ প্রকাশ করতে হবে। যারা হামলা ও অপহরণের সাথে জড়িত তাদের পরিচয় প্রকাশ করতে হবে। একইসাথে সাংবাদিকদেকের কর্মসূচি শেষ হওয়ার পর সিটি করপোরেশনের যেসব কর্মকর্তা কর্মচারী সাংবাদিকদের আটকিয়ে হেনস্তা করেন তাদের বরখাস্ত করতে হবে। এছাড়াও ঘটনার সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কেন সাংবাদিকদের ওপর হামলাকারীদের নিবৃত করলেন না, সেটিও তদন্ত করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিন্দা জানান এবং জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন।

এসময় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক রমিজ আলম বলেন, এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পরে সেখানে উপস্থিত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মেফাতেমা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা জড়িতদের তাদের ব্যাপারেও যথাযথভাবে আপনারা নিউজ করবেন। এ সময় তিনি দ্বিতীয় দফায় সাংবাদিকদের হেনস্তাকারী সিটি করপোরেশনের জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান।

রংপুর মহানগর পুলিশের ডিসি ক্রাইম মারুফ হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন