রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের ধসে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কারে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই মাঠে নেমেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে গ্রামবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছেন।
বুধবার গ্রামবাসীরা রড, সিমেন্ট, বালুসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু করেন। তাদের আশা, কাজ শেষ হলে বহুদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।
এর আগে দোয়ালিপাড়া গ্রামের সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার ঘটনাটি নিয়ে আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
কয়েক দিনের টানা বর্ষণ ও পানির তীব্র স্রোতে রংপুর-দিনাজপুর মহাসড়কসংলগ্ন ওই সড়কের একাংশ ধসে পড়ে। এতে দোয়ালিপাড়াসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল।
বুধবার সরেজমিনে দেখা যায়, গ্রামের তরুণ থেকে প্রবীণ-সবাই একসঙ্গে সংস্কারকাজে অংশ নিয়েছেন। কেউ নির্মাণসামগ্রী সরবরাহ করছেন, কেউ শ্রম দিচ্ছেন, আবার কেউ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সেতুর সংযোগস্থল মজবুত করার কাজ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9c62b9.jpg)