কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাগল বাঁচাতে অটোরিকশা উল্টে আহত হয়েছে ৬ এসএসসি পরীক্ষার্থী। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে ফুলবাড়ী টু নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাদমান কাশিপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী ও স্থানীয় বজর আলীর ছেলে রেজাউল করিম, জহুরুল হকের ছেলে পরীক্ষার্থী একরামুল হক, তোয়ারা বেগমের মেয়ে পরীক্ষার্থী ইসরাত জাহান।
গুরুতর আহত স্থানীয় দুলাল মিয়ার ছেলে ও খোঁচাবাড়ী মোস্তাকীয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী শান্ত সরকার ও বোয়ালভীর বিএম কলেজে স্কুল শাখার কারিগরি বিভাগের এসএসসি পরীক্ষার্থী রোকসানা খাতুন।
জানা গেছে, সকাল ৯ টার দিকে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য কাশিপুর এলাকা থেকে অটোরিকশায় ৬ পরীক্ষার্থী রওয়ানা হয়। তারা গংগারহাট কলমদারটারী জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ছাগল আটোরিকশা সামনে চলে আসে। ছাগল বাঁচাতে আটোরিকশা চালক রিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে গুরুতর আহত হয় ৬ পরীক্ষার্থী। পরে আহত পরীক্ষার্থীদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময়ে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) কেন্দ্রে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।
ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব রাহিবুল ইসলাম জানান, আহত পরীক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ৩ জন মেডিকেল অফিসার তাদের চিকিৎসা প্রদান ও খোঁজখবর নেয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

