রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮শ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত র্যালি করেছে মহানগর বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।
বুধবার (৭ অক্টোবর) রাতে এই স্বাগত র্যালি করে রংপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। র্যালিটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব নুর হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক নোসান হাসান, ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবি, মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবুসহ অনেকে।
বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, তারেক রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সব উন্নয়নবঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান তারা।
প্রসঙ্গত, বুধবার (৭ অক্টোবর) সকালে একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন।
এ খবর ছড়িয়ে পড়লে সিটি-বাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দিয়ে পোস্ট দেন।
এ বিষয়ে রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, রংপুর মহানগরবাসীর দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী কর্তৃক ১৮শ কোটি টাকা একনেকে পাস করার বিষয়টি একটি মাইলফলক। এজন্য নগরবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কাজটি সঠিকভাবে এবং জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করল এই নগরী। প্রকল্প দুটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

