জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখা । বুধবার ফজর নামাযের পর নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের নেতৃত্বে বিমানবন্দর সড়কের হাতিখানা কবরস্থানে দোয়া অনুষ্ঠান ও কবর জিয়ারত করা হয়। পরে তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন।
এ সময় হাফেজ আব্দুল মুনতাকিম এমপি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন করে দেশে ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। জামায়াতে ইসলামী সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। এ সময় শহীদ সাজ্জাদ হোসেনসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ সদস্য দোয়া করেন।
কবর জিয়ারতের সময় শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের সদ্য নির্বাচিত প্রতিনিধি আবু হাসান, পৌর জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে দলের নেতাকর্মী, সমর্থক অংশগ্রহণ করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

