দরিদ্র অসহায় (অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত) ৩৪৪৭ নারী পেলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড। এসব নারী ২ বছর যাবৎ প্রতিমাসে পাবেন ৩০ কেজি করে চাল। নিজ নামে রাখবেন সঞ্চয়ের জন্য ২২০ টাকা। আত্মনির্ভরশীলতায় পাবেন কর্মমুখী প্রশিক্ষণ। ফলে কর্মসূচি শেষে সঞ্চয়কৃত অর্থ ও প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে এক একজন নারী হয়ে উঠবেন ক্ষুদ্র ব্যবসায়ী। এতে উপজেলার ৩৪৪৭ নারীর স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড নিতাই ইউনিয়নের উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়। কার্ডগুলো উপকারভোগী নারীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন্নাহার শাহজাদী, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন্নাহার শাহজাদ জানান, পরিবারের উপার্জনক্ষম সদস্য বা আয় নেই, যারা ভূমিহীন, নিজ মালিকানায় শূন্য দশমিক ১৫ শতাংশের কম জমি আছে, এরকম অসহায় দরিদ্র (অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত) ৩৪৪৭ নারীকে সরকারিভাবে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তারা ২০২৫-২০২৬ চক্রে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। চাল গ্রহণের সময় এনজিও’র মাধ্যমে উপকারভোগীরা নারীরা প্রতিমাসে নিজ নামে ২২০ টাকা করে সঞ্চয় রাখবেন। পাবেন আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ। কর্মসূচি শেষে ২ বছরের সঞ্চয়কৃত অর্থ ও প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসায় প্রত্যেককে উদ্বুদ্ধ করা হবে। ফলে একজন নারী স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াবেন, দেশের অর্থনীতিতে রাখবেন অগ্রণী ভূমিকা, এটি আমাদের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা আমার দেশকে জানান, এতে তারা সকল প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি পাবে। শিশু ও নারীসহ সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তারা একটি অনিশ্চিত জীবন থেকে নিশ্চিত জীবনের পথে এগিয়ে যাবে। শিশুদের লেখাপড়ায় তারা আরও মনোনিবেশ করতে পারবে। এতে শিশুশ্রমের ঝুঁকি কমবে, বাল্যবিবাহের প্রবণতা হ্রাস পাবে। তারাও একটি
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সুন্দর আগামীর দিকে যাত্রা শুরু করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

