অন্তর্কোন্দলে জিয়া-খালেদা-তারেকের ছবি ভাঙচুর

প্রতিনিধি, দিনাজপুর

অন্তর্কোন্দলে জিয়া-খালেদা-তারেকের ছবি ভাঙচুর

দিনাজপুরের খানসামায় বিএনপির দুপক্ষের অন্তর্কোন্দলে দলীয় কার্যালয়, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাকেরহাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে পাকেরহাট শাপলা চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা। মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকরা চিহ্নিত চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীর বিরুদ্ধে এ মানববন্ধন করে।

বিজ্ঞাপন

অন্যদিকে দুপুর ১২টায় একই জায়গায় দিনাজপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার সমর্থক বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা খানসামা উপজেলা বিএনপির সুসংগঠিত রাজনীতিতে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

দলের এমন অন্তর্কোন্দলে পাকেরহাট বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উচ্ছৃঙ্খল জনতা খানসামা উপজেলা বিএনপির অফিস, চেয়ার টেবিল, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর চালায়।

এ ব্যাপারে খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন জানান, মোস্তাফিজুর রহমানের সমর্থকরা বিএনপি অফিস ভাঙচুর করেছে। এ সময় অফিসে কোনো লোকজন ছিল না।

কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান বলেন, আমার কোনো নেতাকর্মী বিএনপি অফিস ভাঙচুর করেনি। বরং নিজেরাই অফিস ভাঙচুর করে আমার নেতাকর্মীদের উপর চাপিয়ে দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন